বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জেতাতে অবদান রেখেও স্বস্তিতে নেই জেসন রয়। আইপিএলের কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ওপেনারকে। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
২১ রানে জেতা ম্যাচটায় বড় স্কোরের ভিত গড়ে দিতে শুরুতে অবদান ছিল তার। ২৯ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করেছেন। তার পর অধিনায়ক নিতিশ রানার ২১ বলে করা ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ২০০ রানের পুঁজি পায় কলকাতা।
রয় ৫৬ রানে আউট হওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি। ব্যাট দিয়ে বেলসে আঘাত করেছেন। যা মূলত কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের শামিল। আইপিএল কর্তৃপক্ষ পরে বিবৃতিতে জানিয়েছে, ‘রয় লেভেল-১ ভাঙার কথা স্বীকার করেছেন। এসব ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
রয়ের হাফসেঞ্চুরির পর বেঙ্গালুরুকে স্পিন ম্যাজিকে হারিয়েছে কলকাতা। কোহলি-দু প্লেসিরা ৮ উইকেটে ১৭৯ রানে থেমেছে। তাতে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে কেকেআর।