১৫ মাস টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রাজত্ব ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই তাদের সিংহাসন কেড়ে নিয়েছে আরেক প্রতিদ্বন্দ্বী ভারত। আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারতীয় দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুটি দলই মুখোমুখি হবে। র্যাঙ্কিংয়ের পরিবর্তন দুই দলের লড়াইয়ে আলাদা রোমাঞ্চ তৈরি করেছে। যা শুরু হবে ৭ জুন।
বার্ষিক র্যাঙ্কিংয়ের আগে অস্ট্রেলিয়া ১২২ পয়েন্ট নিয়ে চূড়ায় ছিল। ৩ পয়েন্ট কম নিয়ে অবস্থান করছিল ভারত। নতুন র্যাঙ্কিংয়ে ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত হওয়া সিরিজের পারফরম্যান্সের ৫০ শতাংশ এবং পরের সিরিজগুলোর ১০০ শতাংশ বিবেচনায় নিয়ে নতুন র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার রেটিং কমে দাঁড়িয়েছে ১১৬। ভারত ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তিনে রয়েছে ইংল্যান্ড। বাকি দলগুলো যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ৪৫।
বার্ষিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ভারতের আধিপত্য বিরাজ করছে। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে দুটি। ভারত ২৬৭ রেটিং নিয়ে শীর্ষে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৫৯ রেটিং নিয়ে অবস্থান করছে দুইয়ে।
নিউ জিল্যান্ডের অবশ্য উন্নতি হয়েছে সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে। পাঁচ নম্বর থেকে দুই ধাপ এগিয়ে তারা তিনে অবস্থান করছে। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে রেটিংয়েও বেশি দূরে নেই তারা। ২৫৬ রেটিং নিয়ে তারা ইংলিশদের পর অবস্থান করছে। কিউইরা এগিয়ে যাওয়ায় চার আর পাঁচে অবস্থান করছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। ছয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। তার পর অবস্থান করছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ২২২।