রশিদ-নূরের ঘূর্ণির পর গুজরাটের সহজ জয়

আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সামনে মাত্র ১১৯ রানের লক্ষ্য দিতে পেরেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এবারের আসরেও অপ্রতিরোধ্য খেলছে হার্দিক পান্ডিয়ারা। মামুলি এই লক্ষ্য গুজরাট ১ উইকেট হারিয়ে ৩৭ বল হাতে রেখেই টপকেছে।

তাতে সর্বশেষ ৫ ম্যাচে চতুর্থ হারের স্বাদ নিলো রাজস্থান। আর গুজরাটের ৯ উইকেটের জয় মানে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানকে আরও সুসংহত করেছে। রাজস্থান ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।

জয়পুরে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও গুজরাটের আফগান স্পিন সামলানোর উপায় জানা ছিল না তাদের। রশিদ খান ও নূর আহমেদের ঘূর্ণিতেই তারা কাবু হয়েছে। অথচ ৫ ওভারে একটা সময় স্কোর ছিল ১ উইকেটে ৪৭। জশ্বসী জয়সওয়াল আউট হওয়ার পরই ধীরে ধীরে দৃশ্যপট বদলেছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৭.৫ ওভারে গুটিয়ে গেছে ১১৮ রানে। সর্বোচ্চ স্কোর বলতে অধিনায়ক সানজু স্যামসনের ২০ বলে ৩০ রান। ১৪ রানে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রশিদ খান। ম্যাচসেরাও তিনি। ২৫ রানে দুটি নেন নূর আহমেদ। তাছাড়া একটি করে নিয়েছেন মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া ও জশ লিটল।

জবাবে ১৩.৫ ওভারেই রান তাড়ার কাজ শেষ করেছে গুজরাট। ওপেনিং জুটিতে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা ৯.৪ ওভারে ৭১ রান যোগ করেছেন। গিল ৩৫ বলে ৬ চারে বিদায় নেন ৩৬ রানে। তার পর বাকি কাজ শেষ করেছেন সাহা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন গুজরাট অধিনায়ক। ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে অপরাজিত ইনিংসে দলের জয় তরান্বিত করেছেন তিনি। সাহা ৩৪ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত থেকেছেন।

রাজস্থানের হয়ে ২২ রানে একটি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।