আইসিসির এপ্রিলের সেরা ফখর

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ফখর জামান। শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ও নিউ জিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যানকে হারিয়ে তিনি এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ব্যাটার ফখর প্রথমবারের মতো মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় নাম লেখান, প্রথমবারেই হলেন সেরা। নিউ জিল্যান্ডের বিপক্ষে মোটামুটি পারফরম্যান্স দিয়ে এপ্রিল মাস শুরু করেছিলেন তিনি। কিন্তু মাসের শেষ দিকে এসে টানা দুই সেঞ্চুরিতে দলকে জেতানোর পাশাপাশি নিজেও গড়েছেন টানা সেঞ্চুরির কীর্তি। 

প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের দেওয়া ২৮৯ রান তাড়া করতে নেমে ফখরের ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে পাকিস্তান ৫ উইকেটের জয় পেয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তো আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। নিউ জিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ফখর ১৪৪ বলে খেলেছেন অপরাজিত ১৮০ রানের ইনিংস। আর তাতেই স্বাগতিকরা ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।

২০২২ সালের নভেম্বরে সিদ্রা আমিনের পর প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ফখর। বিজয়ী হওয়ার পর তিনি বলেছেন, ‘আইসিসি এপ্রিলের মাসসেরা খেলোয়াড় হয়ে সত্যিই সম্মানিতবোধ করছি। আমার ক্যারিয়ারের হাইলাইটস ছিল এই মাস এবং লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে আমার নিজের মানুষদের সামনে খেলার অনুভূতি ছিল অসাধারণ। রাওয়ালপিন্ডিতে টানা দুটি সেঞ্চুরি উপভোগ করেছি, কিন্তু আমার প্রিয় ইনিংস দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৮০ রান। আসন্ন বিশ্বকাপে এই মোমেন্টাম ধরে রাখবো আশা করি এবং আমার পারফরম্যান্স দিয়ে পাকিস্তান ক্রিকেট ভক্তদের খুশি ও গর্বিত করতে পারবো।’