এক দশকেরও বেশি সময় দায়িত্ব পালনের পর সরে দাঁড়াচ্ছেন নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। আগামী আগস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১২ সালের ফেব্রুয়ারিতে এই দায়িত্ব নেন হোয়াইট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এনজেডসির আর্থিক অবস্থান এখন অনেক শক্ত হয়েছে। ব্ল্যাক ক্যাপরা শক্তিশালী, নারীদের ক্রিকেটও ভালো অবস্থানে আছে, আমাদের হাই পারফরম্যান্স প্রোগ্রাম দারুণ করছে এবং কমিউনিটি গেমও স্থিতিশীল। মনে হচ্ছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’
হোয়াইটের মেয়াদে নিউ জিল্যান্ডের পুরুষ দল প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে। তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তার অধীনে বেতন বৈষম্য পুরোপুরি কাটিয়ে তুলতে বড় পদক্ষেপ নেয় বোর্ড। ২০২২ সালে পাঁচ বছরের নতুন চুক্তি অনুযায়ী পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাচ্ছেন নারী ক্রিকেটাররা।
সাবেক টেস্ট ক্রিকেটার হোয়াইট অকল্যান্ড রাগবিরও প্রধান নির্বাহী ছিলেন। ওয়েলিংটন রাগবিতেও একই পদে ছিলেন।