দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারলো না বাংলাদেশ

৯ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার ব্যাটিং ব্যর্থতায় মেয়েরা ১০০ রানে অলআউট হয়েছে। ১০১ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলঙ্কা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লঙ্কান বোলারদের তোপে ১০০ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। জবাবে লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাতু ঝড়ো ব্যাটিং করেছেন। তার ২৭ বলে ৩৩ রানের ইনিংসে ৬ ওভারেই শ্রীলঙ্কা ৪৩ রান তুলে ফেলে। চামারির পর দ্রুত ভিশমি গুনারত্নে (১২) ও নীলাক্ষী ডি সিলভা (৪) বিদায় নেন। ৬৮ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও কবিশা দিলহারি অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে ৯ বল আগেই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। সামারাবিক্রমা ২৯ ও দিলহারি ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার ফাহিমা খাতুন দুটি এবং রাবেয়া খান একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ সাবধানি শুরু করলেও বেশিক্ষণ সেটি অব্যাহত রাখতে পারেননি। দলের তিন টপ অর্ডার ব্যাটার শারমিন সুলতানা (১৮), রাবেয়া খাতুন (১৬) ও সোবহানা মোস্তারি (১৮) ছাড়া মিডল অর্ডারে নামা মুর্শিদা খাতুন (১৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। আগের ম্যাচের জয়ের নায়ক অধিনায়ক নিগার এদিন ১৭ বলে ৭ রান করে আউট হয়েছেন। সবমিলিয়ে ১৮.৩ ওভারে সবকটি উইকটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০০।

লঙ্কান বোলারদের মধ্যে উদেশিকা প্রবোধনী, সুগান্ধী কুমারী, ইনোকা রানাবীরা ও কবিশা দিলহারির প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ১-১ সমতায়। ফলে আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।