তৃতীয় হয়ে ঢাকা লিগ শেষ প্রাইম ব্যাংকের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শনিবার গাজী গ্রুপকে ২৫৩ রানের লক্ষ্য দেয় তারা। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় গাজী গ্রুপ। ফলে ৭৩ রানের জয়ে ঢাকা লিগে তৃতীয় হয়ে লিগ শেষ করলো প্রাইম ব্যাংক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে গাজী গ্রুপের বিপক্ষে ২৫২ রান করেছিল প্রাইম ব্যাংক। কিন্তু কাশিফ ভাটের বোলিং তোপে পড়ে দুইশর আগেই অলআউট হয় গাজী গ্রুপ। দলের কোনও ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ সমান ৩১ রানের দুটি ইনিংস খেলেছেন ফরহাদ হোসেন ও এনামুল হক।

প্রাইম ব্যাংকের কাশিফ ৪১ রানে নেন চারটি উইকেট। এছাড়া রুবেল হোসেন, নাসির হোসেন ও অলক কাপালি একটি করে উইকেট নিয়েছেন। 

ম্যাচসেরা কাশিফ ভাট

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬২ রানের ওপেনিং জুটি গড়ে প্রাইম ব্যাংক। ৩৩ বলে ২৭ রান করে টিপু সুলতানের বলে ক্লিন বোল্ড হন শাহাদাত হোসেন দিপু। দ্বিতীয় উইকেটে জাকির হাসান ও মোহাম্মদ মিঠুন মিলে তোলেন ৪৭ রান।

যদিও এরপর আর বড় কোনও জুটি হয়নি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারনো প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশর একটু বেশি রান তোলে। সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে। জাকির হাসান খেলেন ৪৩ রানের ইনিংস।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে সুমন খান ৪৫ রানে চারটি উইকেট শিকার করেছেন। এছাড়া টিপু সুলতান দুটি উইকেট নেন।