হায়দরাবাদে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে বন্ধ খেলা

সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের শনিবারের আইপিএল ম্যাচে ঘটে গেলো অপ্রীতিকর ঘটনা। দর্শকদের অভব্য আচরণে প্রায় ১০ মিনিট বন্ধ ছিল খেলা। হায়দরাবাদে প্রথম ইনিংসের সময় লখনউর ডাগআউটে বিভিন্ন বস্তু নিক্ষেপ করতে থাকেন স্বাগতিক দর্শকরা।

উচ্ছৃঙ্খলতা ঠেকাতে অনফিল্ড আম্পায়ার অক্ষয় তোত্রে, জে মদনগোপালকে হস্তক্ষেপ করতে হয়েছিল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নাট-বল্টু ছোঁড়া হয়েছিল লখনউর ডাগআউটে। তাতে মাঠে ঢুকে পড়তে বাধ্য হন বেঞ্চের খেলোয়াড় ও স্টাফরা।

ঘটনা হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভারে। লখনউ পেসার আবেশ খান হায়দরাবাদের ব্যাটার হেনরিখ ক্লাসেনকে কোমরের নো বল দেন। লখনউ খেলোয়াড়রা হতাশ হয়ে রিভিউ নেন। টিভি আম্পায়ার যশন্ত বার্দে সেটি ফেয়ার ডেলিভারি দেন। যদিও স্পষ্ট বোঝা গেছে, বলটা কোমরের ওপরে ছিল। ক্লাসেন রেগে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়িয়ে দেন। এক বল পরই আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিপক্ষের ডাগআউটে ক্ষোভ উগরে দেন দর্শকরা।

এখানেই শেষ নয়, স্টেডিয়ামের কিছু ভক্ত লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে দেখা মাত্র ‘কোহলি, কোহলি’ স্লোগান দিতে থাকেন। সম্প্রতি সাবেক ভারতীয় ওপেনারের সঙ্গে মাঠে কোহলির তর্ক হয়েছিল। সেটা মনে করিয়ে তাকে খোঁচা দেন উপস্থিত দর্শকরা।

ক্লাসেন অবশ্য দর্শকদের আচরণে সন্তুষ্ট নন, ‘সত্যি কথা বলতে দর্শকদের আচরণে হতাশ, এটা কখনও আপনি চাইবেন না। ওই ঘটনা আমাদের মোমেন্টাম শেষ করে দেয়, অবশ্য আম্পায়ারিংও ভালো হয়নি।’