ম্যাচসেরার পুরস্কারের টাকায় শপিং করবেন মোস্তাফিজ!

অবিশ্বাস্য, অকল্পনীয় যা কিছুই বলা হোক না কেন, কম হয়ে যাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের ম্যাজিকে অবিশ্বাস্য এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ছাপিয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই। ৭৫০ মার্কিন ডলার ঢুকছে তার পকেটে, বাংলাদেশি মুদ্রায় যা ৮০ হাজার টাকার একটু বেশি। এই টাকায় কী করবেন, সেটা জানালেন পুরস্কার বিতরণী মঞ্চে।

রবিবার পুরষ্কার বিতরণী মঞ্চে সঞ্চালনা করছিলেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। অধিনায়ক তামিমের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে আসেন দ্য ফিজ। এক প্রশ্নের উত্তরে জানান, পুরস্কারের টাকা দিয়ে শপিং করবেন।

মোস্তাফিজ ম্যাজিকে আইরিশদের ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং, টানা তিন ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ১০ ওভারে ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে তামিম উইলকিন্সের ইংরেজি কথোপকথনে তার দোভাষী ছিলেন। সঞ্চালকের প্রথম প্রশ্ন ছিল এমন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন। মোস্তাফিজের উত্তর, ‘এটাতো আমার নরমাল ব্যাপার, সবসময়ই থাকি।’ তামিম ইংরেজিতে আরও একটু যোগ করে বলেছেন, ‘বাংলাদেশের হয়ে এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি। ফলে আমার জন্য এটা নতুন কিছু নয়।’

উইলকিন্সের পরের প্রশ্ন ছিল আপনি কি বিশ্বাস করেছিলেন ম্যাচ জেতাতে পারবেন? তামিমের কাছ থেকে বাংলায় প্রশ্ন শোনা মাত্রই মোস্তাফিজের উত্তর, ‘আমি একদিন আগে থেকে ভাবছিলাম ৫ উইকেট নেবো।’ একটি কম উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। 

ইংল্যান্ডের মাঠে বাংলাদেশি দর্শকদের সমাগম ছিল অনেক। মাঠজুড়েই সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। সমর্থকেদের ধন্যবাদ দিয়েছেন মোস্তাফিজ, ‘মনে হচ্ছিল ঘরের মাঠে খেলছি। সবাই তো অনেক সমর্থন দিয়েছে। যে পাশেই ফিল্ডিং করেছি, সবাই সাপোর্ট করেছে। আমি খুব খুশি।’

উইলকিন্সের শেষ প্রশ্ন ছিল পুরস্কারের টাকা দিয়ে কী করবেন? প্রশ্ন শুনে তামিম হাসলেন, হাসেন মোস্তাফিজও। উত্তর অবশ্য দিতে দেরি করেননি এই কাটার মাস্টার, ‘শপিং করবো, এছাড়া আর কী, কালকে সময় আছে না শপিং করার?’ উইলকিন্স তাকে শুভকামনা জানিয়ে বলেন, ‘তোমার শপিং উপভোগ্য হোক।’