‘আমি যদি বল করতাম...’: ৫৯ রানে রাজস্থান অলআউটের পর কোহলি

রাজস্থান রয়্যালসের বিপক্ষে রবিবার বড় জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে ছিল আনন্দের জোয়ার। ১৭২ রান তাড়া করতে নেমে রাজস্থান আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যায়। ১০.৩ ওভারে করে মাত্র ৫৯ রান। বেঙ্গালুরু ম্যাচটি জিতে যায় ১১২ রানের বিশাল ব্যবধানে।

২০০৯ সালে একই প্রতিপক্ষের কাছে নিজেদের সর্বনিম্ন ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল রাজস্থান। এবারের জয়ের পর স্বাভাবিকভাবে খুশি বেঙ্গালুরু। ড্রেসিংরুমে দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি করলেন অদ্ভুত মন্তব্য, ‘আমি যদি বল করতাম, তারা তো ৪০ রানে অলআউট হতো।’

কথাটা মজা করেই বলেছেন কোহলি। আইপিএলে ৭০৬২  রান করা এই ব্যাটার শুধু ব্যাটিংই করে গেছেন, তা কিন্তু নয়। লিগে তার দখলে রয়েছে চার উইকেট। ২০০৮ ও ২০১১ সালে দুটি করে উইকেট পান।