সিলেটে কার্কের সঙ্গে চন্দরপলের ছেলের ঝলক

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সফরে তিনটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল, যা শুরু হয়েছে মঙ্গলবার। প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ত্যাগনারায়ণ। তার অপরাজিত ৭০ রানের পাশাপাশি কার্ক ম্যাকেঞ্জির ৮৬ রানে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফিফ হোসেনের দলের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ক্যারিবিয়ানরা। দুই ওপেনার ত্যাগনারায়ণ ও কার্কের ১৩০ রানের জুটিতে দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছাতে পারে তারা। সাইফ হাসানের বলে নাঈম হাসানকে ক্যাচ দিয়ে কার্ক সেঞ্চুরি বঞ্চিত হন ১৪ রানের জন্য। স্কোরবোর্ডে আরও ৩০ রান যোগ হওয়ার পর রেমন অ্যান্টন রেইফার ২৬ রানে মুশফিক হাসানের শিকার হন। 

তৃতীয় উইকেটে ত্যাগনারায়ণ ও অ্যালিক স্টিভেন অ্যাথানেজ ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ত্যাগনারায়ণ ১৯০ বলে ৫ চারে অপরাজিত আছেন, সেঞ্চুরি করতে লাগবে আর ৩০ রান। অ্যালিক স্টিভেন ৩৫ রানে খেলছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুশফিক ও সাইফ একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম চার দিনের বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ৩০ মে। সব খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডা সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, ত্যাগনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।