ওয়ানডে বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। চলতি মাসে বিশ্বকাপের সূচি-ভেন্যুও ঠিক হয়ে যাবে। দলগুলো এখন ভারতীয় কন্ডিশন জয়ের জন্য স্কোয়াড নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। বাংলাদেশও তাতে পিছিয়ে নেই। সব পজিশন মোটামুটি ঠিক হয়ে গেলেও সাত নম্বর পজিশন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই জায়গায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ নাকি আফিফ হোসেন কিংবা মোসাদ্দেক হোসেন-মূলত এই তিন ক্রিকেটারকে নিয়েই বিস্তর আলোচনা চলছে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কথাতেও মিললো তেমন ইঙ্গিত।
বৃহস্পতিবার মিরপুরে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিসিবি সভাপতি পুরো ঘটনা প্রক্রিয়ার বিস্তর ব্যাখ্যা দিয়েছেন।
বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহর থাকা না থাকার বিষয়টি এখনও আলোচনার টেবিলে। তবে বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন ফিল্ডিং বিভাগে মাহমুদউল্লাহর চেয়ে অনেকখানি এগিয়ে আফিফ-মোসাদ্দেক, ‘স্কোয়াডে থাকলেই যে একাদশে সুযোগ পেতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটিংয়ের দিক থেকে আফিফ, মাহমুদউল্লাহ দুজনই থাকতে পারে। রাব্বি চোট থেকে আসার পর তেমন কোনও পারফরম্যান্স করেনি। আপনি যদি বোলিংয়ে চিন্তা করেন এখানে এগিয়ে থাকবে আফিফ, মোসাদ্দেক। মাহমুদউল্লাহও করতে পারে। ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের উপরে।’
পাপনের কথায় স্পষ্ট সাত নম্বর পজিশনে তারা একজন অলরাউন্ডার খুঁজছেন, ‘কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নেই কিন্তু যেকোনও সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি, কোন কারণে একটা বোলার চোটে পড়লে বল করবে কে? এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কী করবে জানি না, আমরা কথা বলছি।'