বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অনেকেই কাউন্টি ক্রিকেট খেলেছেন। তবে লম্বা সময় বিরতি পড়েছে। ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান সাসেক্সের হয়ে সর্বশেষ কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন। আবার কাউন্টিতে বাংলাদেশি খেলোয়াড়ের পা পড়তে যাচ্ছে, প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে ওয়ানডে সুপার লিগ খেলার প্রস্তাব দিয়েছে ওয়ারউইকশায়ার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিরাজ।
ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে এসেছিলেন জ্যাক লিন্টট। একই দলের হয়ে খেলেছেন মিরাজও। মূলত লিন্টটের সুপারিশেই তাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় ওয়ারউইকশায়ার। প্রস্তাব পাওয়ার ব্যাপারে মিরাজ বলেছেন, ‘ওয়ারউইকশায়ার থেকে একটা প্রস্তাব এসেছে। ওরা ওয়ানডে লিগে আমাকে খেলাতে আগ্রহী। আমিও খেলতে চাই। আগামী আগস্টে টুর্নামেন্টটা হবে। যদি সুযোগ মেলে, জাতীয় দলের খেলা না থাকে তাহলে কিছু ম্যাচ গিয়ে খেলে আসবো।’
কীভাবে সুযোগ এলো সেই কথাও জানালেন মিরাজ, ‘লিন্টট ঢাকায় থাকতেই আমাকে কাউন্টিতে খেলার কথা বলেছিল। আমিও আগ্রহ দেখিয়েছিলাম। কাউন্টি ক্রিকেটের কথা সব সময়ই শুনেছি। এবার সুযোগ মিলেছে। বোর্ডকে জানাবো। পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট তো, সুযোগ থাকলে বোর্ড মানা করবে না।’
নিজের মান বাড়াতেই মিরাজ কাউন্টি ক্রিকেট খেলতে যেতে চান। কাউন্টি ক্লাবগুলো ম্যাচ বাই ম্যাচ অর্থ পরিশোধ করে থাকে। মিরাজ আর্থিক বিষয়গুলো না ভাবতে চান না, ‘সবার মুখে শুনেছি যে কাউন্টিতে খেললে ক্রিকেটারদের খেলার মানের উন্নতি হয়। ওখানকার পরিবেশ, উইকেট, কন্ডিশন সবকিছুর একটা ভালো আমেজ থাকে। তাই যেতে চাচ্ছি। দেখা যাক, ভাগ্যে থাকলে গিয়ে কয়েকটি ম্যাচ খেলবো।’