উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ ও উইকেটকিপার ইরফান শুক্কুর। তারা রেজাউর রহমান রাজা ও জাকের আলীর স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে শুরু হচ্ছে চার দিনের এই ম্যাচ।

প্রথম ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন পেসার রাজা। ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাতে কনকাশন সাবও হন বাংলাদেশের এই পেসার। আর সোমবার অনুশীলনের সময় হেলমেটে আঘাত পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার জাকের।

বাংলাদেশ ‘এ’ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘কনকাশনের পরবর্তী পর্যবেক্ষণের জন্য রাজা ঢাকায় থাকবেন এবং এমআরআইয়ে তার হ্যামস্ট্রিং ইনজুরির অবস্থা নির্ণয় করা হবে। জাকের অনুশীলনের সময় হেলমেটে আঘাত পেয়েছেন, কনকাশনের লক্ষণ মিলেছে। অন্তত ৪৮ ঘণ্টা তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।’

বৃষ্টির কারণে সিলেটে চারদিনের প্রথম ম্যাচটি ড্র করেছিল আফিফ হোসেনের বাংলাদেশ ‘এ’ দল। 

দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটকিপার), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।