বৃষ্টিতে পরিত্যক্ত নারীদের দুই ম্যাচ

বৃষ্টির বাধার মুখে পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের দুই ম্যাচ। শনিবার বিকেএসপিতে দুটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও কলাবাগান ক্রীড়া চক্র। টস হেরে ব্যাটিং করতে নেমে রূপালী ব্যাংক ৩৪ ওভারে ২ উইকেটে ১৫১ রান তুলতেই বৃষ্টি নামে। টানা বর্ষণের পর বৃষ্টি কিছুটা কমলেও মাঠ খেলার উপযুক্ত না থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি নামার আগপর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪১ ও ফারজানা হক পিংকি ৩৯ রানে অপরাজিত ছিলেন। 

একই সময়ে বিকেএসপির ১ নম্বর মাঠে খেলছিল গুলশান ইউথ ক্লাব ও বিকেএসপি। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বৃষ্টির আগ পর্যন্ত ৩৬ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে ইয়ুথ ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন নিপা আক্তার। ২৫ রান করে অপরাজিত ছিলেন শারমিন সুলতানা।