এশিয়া কাপের পর থেকেই যত ঝামেলা। মহাদেশীয় এই টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক বৈরিতায় সেখানে দল পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি হুমকি দিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে তারা ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবেন!
পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে যাচ্ছে দেখে তাদের মানাতে পাকিস্তান সফরে গেছেন আইসিসির সিনিয়র কর্মকর্তারা।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ এলার্ডিস মঙ্গলবার লাহোরে পৌঁছাবেন। সেখানে নাজাম শেঠিসহ অন্যান্য ক্রিকেট কর্মকর্তার সঙ্গেও দেখা করবেন তারা। পাকিস্তানে তারা দুই দিনের সফরে এসেছেন।
বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানকে প্রশ্ন করা হলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার বলেছেন, ‘বর্তমানে এই বিষয়টি নিয়েই আলোচনা চলছে।’
তারপরই তিনি যোগ করেছেন, ‘প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এবং গ্রেগ এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। তারা পিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট দুই দেশ ও আইসিসির শীর্ষ কর্তাদের ওপর। তাদের আলোচনার পর একটা উপসংহারে আসা সম্ভব।’