নির্বাচকের পদ হারাচ্ছেন মঞ্জু, দায়িত্ব পাচ্ছেন শিপন-সজল

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সম্প্রতি তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক জন্ম দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার কর্মকাণ্ডে বিরক্ত ছিল। এই অবস্থায় নারী দলকে আরও গতিশীল করতে নির্বাচকের পদ থেকে তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনও কিছু জানায়নি।

২০২০ সালের নভেম্বর থেকে আড়াই বছরের বেশি সময় ধরে নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জু। একইসঙ্গে বেশ কিছু সফরে দলের ম্যানেজারও ছিলেন তিনি। মঞ্জুকে সরিয়ে নতুন নির্বাচক কমিটিসহ নারী ক্রিকেটকে আরও বড় পরিসরে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি। এ ব্যাপারে বিসিবির ওমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা মঞ্জুর ব্যাপারে ভাবছিলাম। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচক হিসেবে মঞ্জুরুলকে আমরা রাখবো না। তার জায়গায়  সাজ্জাদ আহমেদ শিপন এবং সজল আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে।’

শুধু নির্বাচক নয়, মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য  জনবল বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। স্থানীয় কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে লম্বা সময়ের জন্য। ওমেন্স কমিটির চেয়ারম্যান এ ব্যাপারে বলেছেন, ‘পুরো নারী উইংটাই আমরা নতুন করে সাজিয়েছি। আমাদের একাধিক কোচ, নির্বাচক, ম্যানেজারসহ পূর্ণাঙ্গ একটা নতুন কাঠামো ঠিক করছি। এখন তো অনেক কাজ বেড়ে গেছে, তাই আমরা এই ডিপার্টমেন্টটা আরও বড় করেছি।’

কাদের নেওয়া হতে পারে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরী কাজ করবেন মেয়েদের সাথে। এর বাইরে আমরা গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে চারজন কোচ নিবো।’