হার্ভার্ডে বাবরে অনুপ্রাণিত সহপাঠীরা, কোরআন উপহার দিলেন রিজওয়ান

২২ গজে তাদের জুটি ঈর্ষণীয়। গড়েছেন একাধিক রেকর্ড। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজনেস স্কুলের একটি প্রোগ্রামেও যোগ দিয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম দুই ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে অংশ নিয়েছেন তারা। বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের (বিইএমএস) ওপর হয়েছে এই প্রোগ্রাম।

এই প্রোগ্রামে পাকিস্তানের দুই ওপেনার বেশ উপভোগ্য সময় কাটালেন। প্রোগ্রাম শেষে নিজেদের অভিজ্ঞতা ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেছেন তারা। অধিনায়ক বাবর টুইটারে সহপাঠীর সঙ্গে তোলা ছবি দিয়ে লিখেছেন, ‘কিছু চিন্তাশীল প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়েছিল, যারা বিশ্ব পাল্টে দিতে প্রস্তুত।’

উইকেটকিপার ব্যাটার রিজওয়ান একটি ছবি পোস্ট করেছেন, যেখানে এক শিক্ষিকার হাতে কোরআন তুলে দিতে দেখা গেছে। হার্ভার্ড বিজনেস স্কুলের একটি অনুষদকে ইসলাম ধর্মের এই পবিত্র গ্রন্থ উপহার দেন রিজওয়ান। 

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে অবস্থিত স্কুলের ক্যাম্পাসে ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত এই কর্মসূচিতে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর ও তার ডেপুটি রিজওয়ান।

প্রোগ্রাম শেষে ১৩ জুন পর্যন্ত দেশটির বিভিন্ন কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হবেন বাবর ও রিজওয়ান।

এর আগে ফুটবলার কাকা, এডউইন ফন ডার সার, জেরার্ড পিকে, ওলিভার কান, এনএফএল-এর ব্র্যান্ডন মার্শাল, এনবিএ-র ক্রিস বোশ ও ডোয়াইন ওয়েড এবং মেজর লিগ বেসবলের অ্যালেক্স রদ্রিগেজের মতো ক্রীড়াবিদরা এই কোর্স করেছেন। কিন্তু কোনও ক্রিকেটারের এই প্রোগ্রামে অংশ নেওয়ার ঘটনা প্রথম।