চোটে অ্যাশেজ শেষ ইংল্যান্ডের স্পিনারের

ইংল্যান্ডের স্পিন বিভাগের মূল অস্ত্র তিনি। সদ্য শেষ হওয়া টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয়ে চার উইকেট নিয়েছেন। সবশেষ দুটি অ্যাশেজ সিরিজেই ছিলেন। সেই ফার্স্ট চয়েজ স্পিনার জ্যাক লিচকে ছাড়াই এবারের অ্যাশেজ সিরিজে খেলতে হবে ইংল্যান্ডকে।

স্ট্রেচ ফ্র্যাকচারে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন লিচ। আইরিশদের বিপক্ষে খেলার সময় তার চোটের উপসর্গ দেখা গেছে। জয়ের পর রবিবারের করা স্ক্যানে সমস্যা ধরা পড়ে।

২০১৮ সালে অভিষেকের পর ৩৫ টেস্ট খেলেছেন লিচ। ২০১৯ সালে অ্যাশেজে লিডস টেস্টে বেন স্টোকসের সঙ্গে শেষ উইকেটের রোমাঞ্চকর জুটিতে ইংল্যান্ডকে জেতান তিনি।

একাদশে স্পিন বিভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন লিচ। তার ইনজুরিতে বড় ধাক্কা খেলো ইংল্যান্ড। আগামী ১৬ জুন শুরু হচ্ছে সিরিজ। ইসিবি নিশ্চিত করেছে, শিগগিরই বাঁহাতি স্পিনারের স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।