মিরপুরে তপ্ত গরমে ক্রিকেটারদের অনুশীলন

তীব্র গরমে জন জীবন স্থবির। ঢাকায় তাপমাত্র ছুঁয়েছে প্রায় ৩৬ ডিগ্রি! এই খরতাপের মধ্যেই আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতরের আভাষ। সব মিলে অনেকটা তপ্ত কড়াইয়ের মধ্যেই চলছে বাংলাদেশের প্রস্তুতি। তার পরেও কঠিন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মিরপুরে কঠোর অনুশীলন করছেন তারা।

মঙ্গলবার দুপুরে কড়া রোদে টেস্ট দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গেছে। রোদ মাথায় নিয়ে দুপুর দুইটায় শুরু হয় অনুশীলন। মিরপুরের হোম অব ক্রিকেট থেকে শুরু করে ইনডোরে ব্যস্ত সময় কাটিয়েছেন ব্যাটার-বোলাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ব্যস্ত সময় পার করেছেন। অনুশীলনের মাঝে আবার হুট করে উপস্থিত হন সাকিব আল হাসানও। বেশিক্ষণ থাকেননি যদিও। ক্রিকেট পরিচালনা বিভাগে সময় কাটিয়ে একাডেমিতে চলে গেছেন। হাথুরুসিংহের সঙ্গে কিছুক্ষণ আলাপ করে স্টেডিয়ামের প্রাঙ্গন ছাড়েন শেষ পর্যন্ত।

কঠোর অনুশীলনে তাসকিনরাওআঙুলের ইনজুরিতে সাকিব আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন। ক্যাম্পে না থাকলেও হুট করে তার দেশে ফেরার স্পষ্ট কারণ জানা নেই। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কোন ইস্যুতে তার দেশে ফেরা। এর বাইরে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গেও কিছু কাজ আছে। তবে টেস্ট সিরিজ মিস করলেও আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট ফেরার সম্ভাবনা রয়েছে তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাকিবের অবস্থা পুরোপুরি জানা যাবে।

সাকিব না থাকলেও আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাকিরা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তীব্র গরমে একাডেমিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন শেষ হওয়ার পর সেন্টার উইকেটে তাসিকন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামরা টানা বোলিং অনুশীলন করেছেন। গরমে প্রতিটি সেশনে পেসররা যেন আধিপত্য বিস্তার করতে পারেন, সেটারই ট্রায়াল দিচ্ছেন তারা।

অবশ্য শুধু মানিয়ে নেওয়ার জন্যই ক্রিকেটারদের এমন কঠোর অনুশীলন নয়। চার বছর আগে আফগানদের কাছে হারের ক্ষত এখনও স্বাগতিকদের মন থেকে মুছে যায়নি। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ঢাকা টেস্টে জয়। আগেরবার চট্টগ্রামে স্পিন উইকেট বানিয়ে আফগানদের জন্য ফাঁদ পাতা হলেও তাতে স্বাগতিকরা নিজেরাই পা দিয়েছিল। লিটন দাসের দল এবার সেই পথে হাঁটছে না। স্কোয়াডই তার প্রমাণ। নির্বাচকরা ৫ পেসার নিয়ে দল ঘোষণা করেছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদের সঙ্গে শরিফুল ইসলামতো আছেনই। নতুন মুখ হিসেবে আছেন মুশফিক হাসান। স্কোয়াডে সাকিব আল হাসান না থাকায় ধারণা করা হচ্ছিল বাড়তি একজন বাঁহাতি স্পিনার দলে রাখা হবে। সেটি হয়নি। তাতেই স্পষ্ট হয়ে যায় যে, শেরে বাংলায় স্পিনসহায়ক উইকেটে খেলতে চাচ্ছে না স্বাগতিক দল।

অনুশীলনে টিম বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে পেস বোলাররা বাংলাদেশকে সাফল্যে ভাসাচ্ছেন। এই চিন্তা থেকেই মূলত পেস নির্ভর একাদশ গড়ার পরিকল্পনা। যার প্রস্তুতি বাংলাদেশ সিলেটেই নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের শেষ দুটি ম্যাচ হয়েছে সবুজ উইকেটে। সতেজ ঘাসে বোলাররা পেয়েছেন দারুণ মুভমেন্টও। হয়তো সেই কারণেই পেস নির্ভর উইকেটে আফগানদের আতিথ্য দেওয়ার পরিকল্পনা। তবে ৫ পেসার নেওয়ার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে, অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনো অনেক দেরি। এর আগে কারও কোনও সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায়, সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে।’