বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আরও দুঃসংবাদ শুনেছে ভারত। স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে হারিয়েছে ম্যাচ ফির পুরোটাই! একই অপরাধে অস্ট্রেলিয়ারও জরিমানা হয়েছে। তাদের অবশ্য কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির ৮০ শতাংশ।
রবিবারের ফাইনালের পরই এটা নিশ্চিত হয়ে যায় যে ভারত তাদের ম্যাচ ফির পুরোটাই হারাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার পিছিয়ে ছিল রোহিত শর্মারা। অপর দিকে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ে ৪ ওভার কম বল করেছিল।
একইভাবে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে শাস্তি পেয়েছেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল। তাতে স্লো ওভার রেটের জরিমানাসহ এই তারকা ব্যাটারের মোট ১১৫ শতাংশ ম্যাচ ফি কর্তণের শাস্তি পেতে হয়েছে। ফলে অর্থ প্রাপ্তির বদলে উল্টো আইসিসিকেই টাকা দিতে হবে তাকে।
গিলের ঘটনাটা ফাইনালের দ্বিতীয় ইনিংসের সময়। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন এই ব্যাটার। তাকে স্কট বোল্যান্ড তালুবন্দি করান ১৮ রানের সময়। অবশ্য এই ক্যাচ নিয়ে ছিল সংশয়। গালির বাম প্রান্তে ডাইভ দিয়ে তার লো ক্যাচ নেওয়ার সময় ক্যামেরন গ্রিনের হাতটি মাটির একেবারে কাছাকাছি অবস্থানে ছিল। ওই মুহূর্তে গিল ক্রিজেই ছিলেন। আম্পায়াররা আইসিসির নতুন প্রটোকল মেনে সফট সিগন্যাল না দিয়ে তা যাচাইয়ের জন্য অপেক্ষা করেন থার্ড আম্পায়ারের। টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো দীর্ঘ রিপ্লের পর আউটের সিদ্ধান্ত দিয়েছেন।
তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি গিল। বিষয়টির সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ওই আউটের একটি জুম করা মুহূর্তের স্ক্রিনশট পোস্ট করেন। তাতে ছিল দুটি ম্যাগনিফাইং গ্লাসসহ মাথায় হাত দেওয়ার ইমোজি। তার পর ইনস্টাগ্রাম স্টোরিতেও হাততালি দেওয়ার ইমোজি দিয়ে একটি পোস্ট করেছেন।
স্বাভাবিকভাবেই বিষয়টি বিধিবহির্ভুত হওয়ায় তাকে শাস্তি দিয়েছে আইসিসি। গিল বিষয়টি স্বীকার করে নেওয়ায় আর কোন শুনানির প্রয়োজন পড়েনি।