ইংল্যান্ডে পাওয়া চোটে বিশ্বকাপে নেই ব্রেসওয়েল

ইংল্যান্ডে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে গোড়ালি ফেটে গেছে নিউ জিল্যান্ড অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তাতে ছয় থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যে হবে তার অস্ত্রোপচার, তারপর লম্বা সময়ের পুনর্বাসন। মানে দেশের ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়কে আসন্ন বিশ্বকাপে পাবে না নিউ জিল্যান্ড।

ব্ল্যাক ক্যাপদের জন্য এটা বড় ধাক্কা। অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকেও সম্ভবত বিশ্বকাপে পাবে না তারা। নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ইনজুরিতে পড়লে প্রথমত খেলোয়াড়ের জন্য কষ্ট হয়। বিশেষ করে যখন তারা এ কারণে বিশ্বকাপে খেলতে পারবে না।’

১৯ ওয়ানডে খেলে ব্রেসওয়েল ৪২.৫০ গড়ে ৫১০ রান করেছেন। সাধারণত ছয় ও সাত নম্বরে তিনি ব্যাটিং করেন। এই বছর হায়দরাবাদে জানুয়ারিতে ৭৮ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার। বল হাতে এই ফরম্যাটে নিয়েছেন ১৫ উইকেট।

অস্ত্রোপচার শেষে দুই সপ্তাহ পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন ব্রেসওয়েল।