নারীদের ইমার্জিং এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

নারীদের ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। তার পরেও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লতা মণ্ডলদের। 

হংকংয়ে শুক্রবার ‘বি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টির কারণে টসটাও করা যায়নি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন। যার ফলে দুই দল ভাগাভাগি করে নিয়েছে পয়েন্ট।  

গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়েছিল। প্রথম ম্যাচটিতে শুধু ৯৭ রানের জয় পায় মালয়েশিয়ার বিপক্ষে। তাতে তিন ম্যাচ শেষে লাল-সবুজদের সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। শ্রীলঙ্কারও সংগ্রহ ছিল ৪। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়েই বাংলাদেশ সেমির টিকিট কেটেছে। তাদের সঙ্গে সেমিতে গেছে লঙ্কান দলটিও। 

সোমবার দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে লতা মণ্ডলরা।