মাঠে মেসিকে জড়িয়ে ধরার পর নিষিদ্ধ চীনের ভক্ত!

লিওনেল মেসি চীন সফরে এলে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন সবসময়। আর্জেন্টিনার এবারের সফরের ব্যতিক্রমটি হলো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে বেইজিংয়ে প্রীতি ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। সেখানেই অনাকাঙ্ক্ষিত কাণ্ড করে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন চীনের এক ভক্ত। 

মেসিকে দেখতে কানায় কানায় পূর্ণ ছিল বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়াম। সর্বকালের সেরা ফুটবলারকে এত কাছে পেয়ে ১৮ বছর বয়সী ওই ভক্ত নিজেকে আর ধরে রাখতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির নামাঙ্কিত আর্জেন্টিনার জার্সি পরে মাঠে অনুপ্রবেশ করে বসেন। সেখানেই থেমে থাকেননি তিনি। মেসিকে জড়িয়েও ধরেছিলেন! ততক্ষণে অবশ্য ওই ভক্তকে মাঠছাড়া করতে ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা। 

১৮ বছর বয়সীর এমন কাণ্ডে দর্শকরা উল্লাস করলেও পুলিশ তাতে মোটেও সন্তুষ্ট ছিল না। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই ভক্তের নাম ডি। তাকে স্থানীয় প্রশাসন আটকও করেছে। পুলিশ নির্দেশ দিয়েছে, এই ঘটনায় ডিকে যেন স্টেডিয়ামে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।         

অবশ্য পুলিশের দেওয়া বিবৃতিতে তাকে কতদিন আটক রাখা হবে বা তার মুক্তি প্রদানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্টেডিয়ামে ম্যাচের সময় ৫০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। মেসির ক্যারিয়ারের দ্রুততম গোলে ম্যাচটা ২-০ গোলেও জিতে আর্জেন্টিনা।