এশিয়ান গেমসে প্রথমবার খেলতে যাচ্ছে ভারতের পুরুষ ক্রিকেট দল। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ইভেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন খবর জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া ক্রিকেট ডিসিপ্লিনে ভারতের নারী দলও অংশ নেবে। তাদের প্রথম সারির দলই পাঠানো হবে। কিন্তু একই সময়ে ওয়ানডে বিশ্বকাপ চলতে থাকায় গেমসে দ্বিতীয় সারির পুরুষ দল পাঠানো হবে।
২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হুয়াংঝুতে হবে এশিয়ান গেমস। আর ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তাতে করে গেমসের দলে থাকবেন না কোনও তারকা। আগামী ৩০ জুনের মধ্যে এই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত দলের তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠাবে।
একই সঙ্গে দুটি জাতীয় দল খেলানোর ঘটনা ভারতের জন্য এটাই প্রথম নয়। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমস ও সাহারা কাপ চলায় দুটি দল পাঠানো হয়। ২০২১ সালে শ্রীলঙ্কায় শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলে দ্বিতীয় সারির দল। আর বিরাট কোহলি আরেক দলের নেতৃত্ব দেন ইংল্যান্ডে।