আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরু ৫ জুলাই। কোরবানির ঈদের আগে ক্যাম্পও শুরু হয়েছে। আপাতত ছুটিতে থাকলেও ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন। তারা পবিত্র ঈদুল আজহায় শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ঈদের আগে ছেলে আরহাম ইকবালকে নিয়ে চট্টগ্রামে কোরবানির হাটের ভিডিও পোস্ট করেছিলেন তামিম। ওয়ানডে অধিনায়ক এবার ঈদ বার্তায় ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও পরিবারসহ ঈদ কাটাচ্ছেন মাগুরায়। তিনি অবশ্য বড় করেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’
তারকা পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘এই পবিত্র ঈদুল আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মুবারক!’ আরেক তারকা পেসার হাসান মাহমুদ অবশ্য নিজের একটি ছবি দিয়ে শুধু ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।