কোহলি-বাবরদের পর যে তালিকায় শন উইলিয়ামস

ক্যারিয়ারের শেষ লগ্নে রয়েছেন শন উইলিয়ামস। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তাতে ওয়ানডে ইতিহাসে এখনই সেরাদের কাতারে নাম উচ্চারিত হচ্ছে জিম্বাবুয়ে তারকার। সর্বশেষ ওমানের বিপক্ষে সুপার সিক্সে ১৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ওয়ানডেতে টানা পাঁচ ইনিংস মিলে তৃতীয় সর্বোচ্চ রানের নজির গড়েছেন তিনি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্ম দেওয়া ম্যাচটা ওমান ১৪ রানে হেরেছে। শুরুতে জিম্বাবুয়ে ৭ উইকেটে ৩৩২ রান করেছিল শন উইলিয়ামসের ব্যাটে ভর করে। তার ১০৩ বলে করা ১৪২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩ টি ছয়ের মার। জবাবে ৯ উইকেটে ৩১৮ রানে থেমেছে ওমান।

ওমানের ইনিংসের আগেও বাছাইয়ে রানের বন্যা বইয়েছেন শন। আগের চার ইনিংসে তার সংগ্রহ ১৭৪, ১০২*, ৯১ ও ২৩! তাতে বাছাইয়ে তার সংগ্রহ হয়ে গেছে ৫৩২ রান। টানা পাঁচ ইনিংসে রানের বন্যা বইয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল বিরাট কোহলি ও বাবর আজমের। কোহলির সংগ্রহ ৫৯৬, বাবরের ৫৩৭।

উইলিয়ামসের অবিশ্বাস্য এই ফর্ম জিম্বাবুয়েকে মূল পর্বের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এবারের বাছাইয়ে অবশ্য জিম্বাবুয়ের শন উইলিয়ামসই নন, আলো ছড়ানো পারফর্মারদের মধ্যে রয়েছে তার সতীর্থ সিকান্দার রাজা, শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নেদারল্যান্ডসের সারপ্রাইজ প্যাকেজ লোগান ফন বিকের নাম। তারাও রেকর্ড ভাঙা কিংবা ভাগ বসানোর লড়াইয়ে সমান তালে এগিয়ে চলেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ে তারকাদের কীর্তি-

  • শন উইলিয়ামসের ৫৩২ রান- ওয়ানডেতে টানা ৫ ইনিংসে করা তৃতীয় সর্বোচ্চ।
  • ৫৪ বলে সেঞ্চুরি- নেদারল্যান্ডসের বিপক্ষে রাজার করা সেঞ্চুরিটি কোনও জিম্বাবুয়ে ব্যাটারের দ্রুততম।
  • বাছাইয়ে তিনটি সেঞ্চুরিতে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি শন উইলিয়ামসের- ৮টি। তার চেয়ে বেশি ১১টি সেঞ্চুরি ব্রেন্ডন টেইলরের।
  • যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রান ওয়ানডেতে জিম্বাবুয়ের দলীয় সর্বোচ্চ। এবারই প্রথম তারা দলীয় চারশ রান অতিক্রম করেছে।
  • যুক্তরাষ্ট্রের বিপক্ষে মোট ২৬টি বাউন্ডারি (৫টি ছয়, ২১টি চার) মেরেছেন শন। যা জিম্বাবুয়ের কারও এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি মারার নজির।