আগের দুই সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অনলাইনে টিকিট কেনার সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠেয় তিনটি ওয়ানডের জন্য দর্শকরা প্রচলিত নিয়মে সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও তা কিনতে পারবেন।
প্রথম দফায় অবশ্য বিসিবি অনলাইনে টিকিট বিক্রয়ের কোন তথ্য দেয়নি। ঘণ্টা দেড়েক পরে নতুন করে তারা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অনলাইনেও বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি হবে। দর্শকরা বিশেষ যে লিংকে (https://ticket.tigercricket.com.bd/registration) গেলে টিকিট কিনতে পারবে, সেই তথ্যও জানিয়ে দিয়েছে তারা। চট্টগ্রামে সোমবার থেকে ৬ ক্যাটাগরির টিকিট কেনা যাবে।
চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। আফগানিস্তানের বিপক্ষে দিবারাত্রির ওয়ানডে সিরিজের জন্য রবিবার টিকিটের মূল্যতালিকাও প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে, পশ্চিম গ্যালারির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির। যার মূল্য ১৫০০ টাকা।
সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন। ৩ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া ম্যাচের দিন সকালেও টিকিট পাওয়া যাবে।