স্টোকসের প্রতিরোধ ভাঙতেই শেষ হাসি অস্ট্রেলিয়ার

লর্ডসে শুরু থেকেই অ্যাশেজের দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণে ছিল অস্ট্রেলিয়া। সেই টেস্টটাই বেন স্টোকসের লড়াইয়ে রোমাঞ্চকর হয়ে দাঁড়ায় শেষ দিনে। কিন্তু ইংলিশ অধিনায়কের লড়াকু সেঞ্চুরি ইংল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাশেজে দাপট দেখানো বোলিংয়ে ৪৩ রানে লর্ডস টেস্ট জিতে ৫ ম্যাচ সিরিজে ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া দল।

আগের দিনের হাফসেঞ্চুরিয়ান বেন ডাকেট পঞ্চম দিনে আরও কিছুক্ষণ লড়াই করে ৮৩ রানে ফিরলে মূল লড়াই ছিল বেন স্টোকসের। জনি বেয়ারস্টো (১০) বিতর্কিভাবে স্টাম্পড হতেই স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন তিনি। এই জুটি অজিদের জয়ের পথে বাধা হয়ে ছিল ২০ ওভারের বেশি। হ্যাজলউড ১৫৫ রান করা স্টোকসকে ক্যারির গ্লাভসবন্দি করলে ইংলিশদের মূল লড়াই শেষ হয়ে যায় সেখানেই। স্টোকস যখন আউট হন তখন স্কোর ছিল ৭ উইকেটে ৩০১। তার পর আর ২৬ রান যোগ করার পর দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ইংলিশদের।

৬৯ রানে তিনটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। সমসংখ্যক উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০০.৪ ওভারে ৪১৬ (স্মিথ ১১০, হেড ৭৭, ওয়ার্নার ৬৬; টাং ৩/৯৮, রবিনসন ৩/১০০)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১০১.৫ ওভারে ২৭৯ (খাজা ৭৭, স্মিথ ৩৪; ব্রড ৪/৬৫) লক্ষ্য: ৩৭১

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৭৬.২ ওভারে ৩২৫ (ডাকেট ৯৮, ব্রুক ৫০; স্টার্ক ৩/৮৮)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮১.৩ ওভারে ৩২৭ (স্টোকস ১৫৫, ডাকেট ৮৩; কামিন্স ৩/৬৯, স্টার্ক ৭৯/৩, হ্যাজলউড ৩/৮০)

ফল: অস্ট্রেলিয়া ৪৩ রানে জয়ী।

ম্যাচসেরা: স্টিভেন স্মিথ।