লর্ডস টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার জয় ছাপিয়ে আলোচিত হচ্ছে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে অ্যালেক্স ক্যারির বিতর্কিত স্টাম্পিং করা নিয়ে। ওই আউটের পর বিতর্ক এতটাই জোরালো হয়েছে যে লর্ডসের বিখ্যাত লং রুমে ইংলিশ ভক্তদের সঙ্গে তর্কবিতর্কেও জড়াতে দেখা গেছে সফরকারী দলের উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। এই কাণ্ডে এমসিসি তাদের তিন সদস্যকে তদন্ত চলাকালে স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে। মাঠের বাইরেও চলছে এনিয়ে তুমুল আলোচনা। তবে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ানদের পক্ষে কথা বলেছেন।
ঘটনা ঘটে ক্যামেরন গ্রিনের ওভারের শেষ বলে। বেয়ারস্টো তার বল ছেড়ে দিয়েই ক্রিজের বাইরে চলে যান। বল ডেড হয়ে গেছে ভেবেই এ কাজটি করেন তিনি। কিন্তু ক্যারি বল ধরেই স্টাম্প তাক করে ছুড়ে দেন। স্টাম্প ভেঙে যায়। অস্ট্রেলিয়া আউটের আবেদন জানালে থার্ড আম্পায়ার বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরার সিদ্ধান্ত জানান।
এই ঘটনাকে অনেকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলছে। তবে অশ্বিনের মতে, এটা ক্যারির স্মার্টনেস। আইপিএলে জস বাটলারকে মানকাডিং আউট করে তার সমালোচিত হওয়ার ঘটনাটি এক ভক্ত টুইট করলে ভারতীয় স্পিনার জবাব দেন, ‘আমাদের অবশ্যই একটি ব্যাপার জোরালো ও পরিষ্কারভাবে। টেস্ট ক্রিকেটে একজন উইকেটকিপার কখনোই এত দূর থেকে স্টাম্পকে তাক করতে পারবে না, যদি না সে দেখে ব্যাটসম্যান বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেটা বেয়ারস্টো করেছে। আমাদের খেলার অন্যায্য দিক বা চেতনার দিকে ঝোঁকানোর বদলে অবশ্যই ব্যক্তির স্মার্টনেসের প্রশংসা করতে হবে।’