সৌম্যদের বিশ্বকাপে খেলার সুযোগ আছে, জানিয়ে দিলেন হাথুরুসিংহে

বলতে গেলে কিছু না করেই গত বছর জাতীয় দলে ফিরেছিলেন সৌম্য সরকার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। এখন তো ঘরোয়া ক্রিকেটে রান করতে পারছেন না। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বাজে ফর্মের কারণে মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। তারপরও হুট করেই সৌম্যকে নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের ব্যতিব্যস্ততা আলোচনার জন্ম দিয়েছে। ক্যারিয়ারের শুরুতে দারুণ কিছুর আভাস দেওয়া সৌম্যকে বিশ্বকাপের আগে পরখ করতে চাইছেন হাথুরুসিংহে। 

শুধু সৌম্য একাই নন; নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসানদের সামনে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ। আসন্ন ইমার্জিং এশিয়া কাপে সৌম্য খেলার সুযোগ পাচ্ছেন। এর বাইরে নাঈম, জাকির, মৃত্যুঞ্জয় চৌধুরী, শেখ মেহেদী হাসানের মতো ক্রিকেটাররা আছেন। আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কাতে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করবেন, তাদের কয়েকজনের ভারতে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন।

সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আপনি যদি আমাদের কম্বিনেশন দেখেন, ওই দলে আমরা শুধু অনূর্ধ্ব-২৩ এর মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটার নিয়েছি। কারণ এই বছর এই টুর্নামেন্টটি বয়সের সীমাবদ্ধতা ছাড়াই হচ্ছে। আমার মতে, এশিয়ার সব দল এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের ফর্ম দেখানোর জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। একই সময়ে আমাদের খুব গোছানো দল রয়েছে। কেউ যদি অনেক রান করে, তাহলে (বিশ্বকাপ দল) বাছাইয়ের জন্য নিজের নাম তুলতে পারবে।’

ইমার্জিং দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত রান খরার মধ্যে থাকা সৌম্য। তিনি এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার। এদিকে এই দলে থাকা শুধু নাঈম আছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১১ জুলাই ওয়ানডে সিরিজ শেষে ইমার্জিং দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন নাঈম। ঢাকা লিগে ৭১ গড়ে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন তিনি। রান ফোয়ারা ছোটানোয় এবার জাতীয় দলের দুয়ার তার জন্য খুলে গেলো। এই বাঁহাতি ব্যাটার সবশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে।

আফগানিস্তান সিরিজে নাঈমকে অন্তত একটি ম্যাচ সুযোগ দিতে চান হাথুরুসিংহে। সবকিছু নির্ভর করছে তামিম ইকবালের খেলা না খেলার ওপর। কেন না ওপেনিংয়ে তামিম-লিটন দাসের জায়গা পাকা। সেক্ষেত্রে তামিম না খেললেই কেবল নাঈমের সুযোগ মিলতে পারে। নাঈমের খেলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা যখনই সুযোগ পাবো, তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই।’ 

এছাড়া হাথুরুসিংহে জানিয়েছেন, এশিয়া কাপ-বিশ্বকাপের আগের স্কোয়াড নিয়ে পরীক্ষা করতে চান। ইনজুরির কারণে কেউ বাদ পড়লে তার বিকল্প তৈরি করে রাখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, ‘হ্যাঁ! আমি আগেই যেটা বললাম, আমরা কিছু ছেলেকে গেম টাইম দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটি নয় যে, পরীক্ষা করছি। এর মাধ্যমে আমরা কোচিং গ্রুপ, নির্বাচকরা দেখতে চাই যে আমরা কী চাই এবং কোন কোন জায়গায় কাজ করতে হবে। যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ইনজুরি বা অন্য কোনও জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা আমাদের থাকে।’