আসন্ন ওয়ানডে বিশ্বকাপে উঠতে আয়ারল্যান্ড ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন অ্যান্ডি বালবির্নি।
মঙ্গলবার ক্রিকেট আয়ারল্যান্ডের প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। গত কয়েক বছর ধরে এই দলকে নেতৃত্ব দিতে পারা ছিল বিশাল সম্মানের। মাঠে ও মাঠের বাইরে অনেক খেলোয়াড়, কোচ, ক্রিকেট আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড দলের সমর্থকদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
তবে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বললেন বালবির্নি, ‘আমি মনে করি এটাই আমার জন্য সঠিক সময়, কিন্তু দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি এই দলের জন্য আমার সেরাটা দেওয়া অব্যাহত রাখবো। আগামী কয়েক বছরে আমরা সফল সময় পার করবো আশা করি।’
তিন ফরম্যাটে বালবির্নি ৮৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ সাল থেকে এই দায়িত্বে তিনি। অবশ্য টেস্টের অধিনায়ক থাকছেন। আর সীমিত ওভারের দলকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।
কোয়ালিফায়ারে ছয় ম্যাচের তিনটি জিতেছিল আয়ারল্যান্ড। সবগুলো জয়ই এসেছে তাদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিতের পর।