টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ! প্রথম লাইনটি পড়ে পাঠকদের বিস্ময় না কাটলেও বিষয়টি একদমই সত্যি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার টানা ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ওই হিসেবে সবচেয়ে বেশি অভিজ্ঞ দল বাংলাদেশ।
ওই ৬জন হলেন- অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এরা সবাই বিশ্বকাপের আগের পাঁচ আসরেই খেলেছেন। এবার নিয়ে তারা টানা ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। অন্য কোনও দলেই তিন জনের বেশি ক্রিকেটার নেই যারা ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন।
১৬ দল থেকে মোট ১৯ ক্রিকেটার টানা ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আগের পাঁচটি বিশ্বকাপে খেলা এমন তিনজন ক্রিকেটার নিয়ে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও যুবরাজ সিং খেলবেন ষষ্ঠ বিশ্বকাপ। এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও দিনেশ রামদিন।
বাকি পাঁচ দল থেকে খেলবেন আট ক্রিকেটার। নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম ও রস টেলর, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এছাড়া পাকিস্তান ও অস্ট্রেলিয়া থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন শহীদ আফ্রিদি ও শেন ওয়াটসন। আর মহিলা দলের ২৯ ক্রিকেটার আছেন যারা টানা পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন।
টানা ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া ক্রিকেটাররা
দেশ | ক্রিকেটার |
বাংলাদেশ | মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম
|
ভারত | মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও যুবরাজ সিং |
ওয়েস্ট ইন্ডিজ | ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও দিনেশ রামদিন |
নিউজিল্যান্ড | নাথান ম্যাককালাম ও রস টেলর |
দক্ষিণ আফ্রিকা | এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি |
শ্রীলঙ্কা | তিলকারত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা |
পাকিস্তান | শহীদ আফ্রিদি |
অস্ট্রেলিয়া | শেন ওয়াটসন |
/আরআই/এমআর/