রাত দশটায় জরুরি সভা ডেকেছে বিসিবি

হুট করে তামিম ইকবালের অবসর পুরো দেশে আলোড়ন তুলেছে। বিসিবির সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা না করেই তামিম অবসরের ঘোষণা দিয়েছেন। বিসিবিও সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তামিমের অবসরের কথা জেনেছে। এই অবস্থায় নিজেদের করণীয় ঠিক করতে জরুরি সভা ডেকেছে বিসিবি। বৃহস্পতিবার রাত দশটায় ঢাকার স্থানীয় একটি হোটেল সভা অনুষ্ঠিত হবে।

ওই সভাতেই নতুন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এই মুহূর্তে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস। তবে অধিনায়ক হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে সাকিব আল হাসান। সাকিব রাজি হলে নিশ্চিত ভাবেই তাকে বেছে নিতে চাইবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জরুরি সভা নিয়ে বিসিবিরি এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ রাত ১০টায় জরুরি সভা ডাকা হয়েছে ওয়েস্টিনে। আলোচনার পর তামিমের অবসর নিয়ে প্রতিক্রিয়া দেবে বোর্ড। আর নতুন অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম। অনেক চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সদ্যই সাবেক হয়ে যাওয়া দেশসেরা এই ওপেনার।