শ্রীলঙ্কার কাছে হেরে শেষ উইন্ডিজের ব্যর্থ বিশ্বকাপ মিশন

শ্রীলঙ্কান বোলাররা যেভাবে বল করলো, তাতে একপেশে লড়াইয়ের আভাস মিলেছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষে। হলোও তাই। ৫ ওভারেরও বেশি হাতে রেখে ৮ উইকেটে বাছাইপর্বে সুপার সিক্স শেষ করলো লঙ্কানরা।

প্রথমবার ওয়ানডে টুর্নামেন্টের বিশ্বমঞ্চে দর্শক হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ হার দিয়ে শেষ করলো ‘ব্যর্থ বিশ্বকাপ মিশন’।

মাহিশ ঠিকশানার দুর্দান্ত স্পিনে ওয়েস্ট ইন্ডিজ ২৪৩ রানেই অলআউট। জবাবে পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুণারত্নের প্রায় দুইশ রানের ওপেনিং জুটিতে ৪৪.২ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান করে শ্রীলঙ্কা।

ঠিকশানা ১০ ওভারে ৪ উইকেট নেন। উইন্ডিজের পক্ষে ইনিংস সেরা ৮৭ রান করেন কিসি কার্টি। এছাড়া কেবল জনসন চার্লস (৩৯) ত্রিশের ঘর ছাড়ান।

লক্ষ্যে নেমে নিসাঙ্কা ও করুণারত্নের ১৯০ রানের জুটি লঙ্কানদের সহজ জয়ের ভিত গড়ে দেয়। দুজনেই বিদায় নিয়েছেন কাছাকাছি সময়ে। নিসাঙ্কা ১১৩ বলে ১৪ চারে ১০৩ রান করেন। সেঞ্চুরি হয়নি করুণারত্নের (৮৩)। কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা যথাক্রমে ৩৪ ও ১৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

আগামী রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইয়ের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন দল প্রথম কোয়ালিফায়ার হিসেবে আগামী ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে। রানার্সআপ দলের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে।