ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের দলের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলের নতুন কোচ হতে যাচ্ছেন শেন ডিটজ। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন আগস্টের শেষ দিকে, মেয়েদের সিপিএলের আগে। ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তিনি কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সাবেক সাউথ অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারের কোচিং ক্যারিয়ার এখন এক দশকেরও বেশি। বাংলাদেশে মেয়েদের দলের হেড কোচও ছিলেন ২০১৩-১৪ সালে। সম্প্রতি নেদারল্যান্ডসের মেয়েদের কোচের পদ ছেড়েছেন নতুন দায়িত্ব নেওয়ার জন্য।

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলটি ২০২২ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউটেই যেতে পারেনি।

ডিটজ নেদারল্যান্ডসের মেয়েদের পূর্ণকালীন কোচ হন ২০২১ সালের মার্চে। তার অধীনেই ওয়ানডে স্ট্যাটাস পুনরূদ্ধার করেছে নেদারল্যান্ডস। দলটি এবার ২০২৫ বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে।