শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল। দুপুর দুইটায় ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশের কোচ হাসান তিলকারত্নে অবশ্য শক্তিশালী ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
আগের ম্যাচের ভুলগুলো শোধরাতে মিরপুরে কঠোর অনুশীলন করেছে স্বাগতিক দল। বিশেষ করে ব্যাটিংয়ে বেশি ফোকাসড ছিল মেয়েরা। আগের ম্যাচে ব্যাটারদের ব্যাটিংটা একদমই ভালো হয়নি। স্ট্রাইকরোটেট করতে না পারায় পর্যাপ্ত রান আসেনি স্কোরবোর্ডেও।
সব মিলে স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানাও প্রথম ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি চান না, ‘আমার কাছে মনে হয় স্কিল তো আছে (দলের ক্রিকেটারদের)। অবশ্যই পটেনশিয়াল আছে। তাইতো জাতীয় দলে তারা অনেকদিন ধরে খেলছে। আমার কাছে মনে হয়, এই জায়গা থেকে বের হতে খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। যখন একটা খেলোয়াড় ভালো একটা স্টার্ট পায়, সে কেন ২৫ এর পরে আউট হবে। তাকে ইনিংসটা অবশ্যই ক্যারি করতে হবে। শট সিলেকশনের প্রতি আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। পরিস্থিতি কী ডিমান্ড করছে, এটা যদি একটু ওভারকাম করতে পারি…স্কিল থাকলে কেন পারফরম্যান্স হবে না। যত দ্রুত ক্যামব্যাক করা যায়, তত দ্রুত ভালো হবে। সিরিজ যেন ওদেরকে না দেই, সেটাই আমাদের উদ্দেশ্য।’
এদিকে শিষ্যদের ব্যাটিংয়ের উন্নতি নিয়ে ব্যাপক কাজ করছেন লঙ্কান সাবেক ক্রিকেটার তিলকারত্নে। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে দলের মিটিংয়ে আলোচনা হয়েছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলটির কোচ এসে জানিয়েছেন, ব্যাটিং নিয়ে নিজেদের পরিকল্পনার কথা, ‘আজ আমাদের পর্যালোচনা সভা করেছি এবং কীভাবে আমাদের ব্যাটিং উন্নত করতে পারি সেসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগের ম্যাচে ৬২টি ডট বল খেলেছি, টি-টোয়েন্টিতে এটা ক্রাইম। আমাদের ৪০ এর বেশি ডট বল দেওয়ার সুযোগ নেই। সেখানে ২২টি ডট বল অনেক বেশি। আশা করি, আমরা পরিকল্পনাগুলো মঙ্গলবার দারুণভাবে বাস্তবায়ন করতে পারবো।’
মেয়েদের অনুপ্রাণিত করতে ভূমিকা রাখছেন লঙ্কান এই কোচ। তার কথা, ‘আমরা সবসময় আমাদের ইতিবাচক বিষয়ে কথা বলি। গতকালকের ম্যাচে নেতিবাচক অনেক কিছুর সঙ্গে ইতবাচক কিছুও ছিল। আজ আমরা সকালে আড্ডা দিলাম। সবার ভুলোগুলো নিয়ে আলাপ হয়েছে। আশা করি, নতুন ম্যাচে শক্তিশালী হয়ে ফিরতে পারেবো।’