অশ্বিনের ঘূর্ণিতে তিন দিনেই উইন্ডিজকে হারালো ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দাপুটে জয়ে শুরু হলো ভারতের। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ইনিংস ও ১৪১ রানে জিতলো তারা, তাও আবার তিন দিনেই।

ডোমিনিকা টেস্টে যশস্বী জয়সওয়াল আর বিরাট কোহলির ব্যাটে ৫ উইকেটে ৪২১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ২৭১ রানের লিড নেওয়ার পর ফের রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদু। তাতে ১৩০ রানেই শেষ উইন্ডিজের দ্বিতীয় ইনিংস। 

অশ্বিন ৭ উইকেট নেন এই ইনিংসে। ম্যাচে ১৩১ রানে ১২ উইকেট নেন ভারতীয় স্পিনার। আলিক আথানেজ ২৮ রান করে এবারও উইন্ডিজের সেরা স্কোরার।

শুক্রবার ২ উইকেটে ৩১২ রানে খেলা শুরু করেছিল ভারত। জয়সওয়াল ৩৮৭ বলে ১৬ চার ও এক ছয়ে ১৭১ রান করে দিনের প্রথম শিকার হন। ৩৬ রানে খেলতে নেমে সেঞ্চুরির ইঙ্গিত দিয়ে ব্যর্থ বিরাট কোহলি। ১৮২ বলে ৭৬ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা ৩৭ রানে অপরাজিত থেকে দলের রান চারশ পার করেন।

ভারতের মতো ব্যাট হাসেনি স্বাগতিকদের। বরং তারা লাপাত্তা অশ্বিন ঘূর্ণিতে।