ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিয়ে বাড়তি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুড়ি ওভারের ক্রিকেটকে অগ্রাধিকার দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ইভেন্টের আগে তাই এই ফরম্যাটে বাড়তি ম্যাচ খেলবে পাকিস্তান।

এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নির্ধারিত দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ পিছিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই সময়ে নিউ জিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। 

আগামী বছর ফেব্রুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের কথা। তবে সেটি ২০২৫ সালের জানুয়ারিতে পেছানো হয়েছে। এই বছরের শেষ দিকে পাকিস্তান অস্ট্রেলিয়া সফরের পর নিউ জিল্যান্ডে যাবে এবং ১২ জানুয়ারি থেকে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। ২০২৪ সালের এপ্রিলে নিউ জিল্যান্ড পাকিস্তানে ফিরবে, সিরিজ হবে পাঁচ টি-টোয়েন্টির।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তান ১৯ টি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ ম্যাচ ছাড়াও এশিয়ান দলটি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তিন ম্যাচ, দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং চারটি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে।