এবারও প্রথম ম্যাচের মুশফিকের দেখা মিললো না

জিম আফ্রো টি-টেন লিগে কী দারুণ শুরুই না হয়েছিল মুশফিকুর রহিমের। জোবার্গ বাফেলোসের এই বাংলাদেশ ব্যাটার প্রথম ম্যাচে বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৮ চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু পরের দুটি ম্যাচে নিষ্প্রভ তিনি।

ডারবান কালান্দার্সের বিপক্ষে শনিবারের ম্যাচে ১২ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রান করেন মুশফিক। ওই ম্যাচে পঞ্চম ওভারে মাঠে নেমে অষ্টম ওভারেই ফিরে যান।

রবিবার কেপটাউন স্যাম্প আর্মিসের বিপক্ষে আরেকটি বল বেশি খেললেন মুশফিক। কিন্তু প্রথম ম্যাচের সেই ঝাঁজ ছিল না। মাত্র দুটি চার ছিল ইনিংসে। ১৩ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। 

টম ব্যান্টন আউট হলে চতুর্থ ওভারে ক্রিজে নামেন মুশফিক। ইউসুফ পাঠান, মোহাম্মদ হাফিজ ও নুর আহমেদের সঙ্গে জুটি ছিল তার। শেষ বল পর্যন্ত ক্রিজে ছিলেন। কিন্তু কেপটাউন বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি। অবশ্য তার ইনিংসই দলের দ্বিতীয় সর্বোচ্চ।

জোবার্গের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন হাফিজ। দল করে ৫ উইকেটে ৯৬ রান।

কেপটাউন নির্বিঘ্নে জয় পেয়েছে। অষ্টম ওভারের চতুর্থ বলে ৩ উইকেটে তারা ৯৭ রান করে। এনিয়ে টানা দুই ম্যাচ হারলো জোবার্গ।