কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচেও মন্ট্রিল টাইগার্স জিতলো, আবারও উল্লেখযোগ্য অবদান রাখলেন সাকিব আল হাসান। মিসিসোগা প্যান্থার্সের বিপক্ষে রবিবার ব্যাট হাতে আসল ঝলক দেখান তিনি।
মিসিসোগা ৬ উইকেটে ১৪০ রান করে। কলিম সানা ৪ ওভারে ৮ রান দিয়ে তিন উইকেট নেন। সাকিব ৪ ওভার করে ২৮ রান দিয়ে একমাত্র শিকার বানান আজম খানকে।
লক্ষ্যে নেমে মন্ট্রিল দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ক্রিজে নামেন সাকিব। ক্রিস লিনের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি। তাতে শুরুতে ঝড় তোলেন বাঁহাতি ব্যাটার। পঞ্চম ওভারে প্রবীনকে ২টি করে চার ও ছয়ে ২১ রান করেন সাকিব। প্রথম ১৪ বলেই ৩১ রান তার। এরপর আর ১০ বল খেলে মাত্র ৫ রান যোগ করেন। ২৪ বলে ৫ চার ২ ছয়ে ৩৬ রানে থামেন সাকিব। নবম ওভারে উসমান কাদিরের বলে আজমের গ্লাভসে ধরা পড়েন।
লিন ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জেতান। সাকিবের ইনিংস ছিল দলের দ্বিতীয় সর্বোচ্চ। ১৬তম ওভারে ৩ উইকেটে ১৪১ রান করে মন্ট্রিল।
সারে জাগুয়ার্সের বিপক্ষে আগের ম্যাচে সাকিব ৩ উইকেট নেন এবং ১৩ বলে করেন ২৬ রান।