তৃতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের পর বাংলাদেশের আম্পায়ারদের কড়া সমালোচনা করেন হারমানপ্রীত কৌর। মাঠেই ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করার পর পুরস্কার বিতরণী মঞ্চেও বিতর্কিত মন্তব্য করেন ভারতের অধিনায়ক। এমন অভব্য আচরণের কারণে এখনও বিসিসিআই থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে।
নারী ক্রিকেট দলের অধিনায়ক আসন্ন এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে। চীনের হাংঝুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে গেমস। ভারতের নারী দলের পরের অ্যাসাইনমেন্ট সেখানে।
মিরপুরে অশোভনীয় আচরণের কারণে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে হারমানপ্রীতকে। এছাড়া চারটি ডিমেরিট পয়েন্ট জুটবে। আইসিসির আচরণবিধি অনুযায়ী কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টের কারণে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পাবে।
সেক্ষেত্রে হারমানপ্রীত চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি ম্যাচ নিষিদ্ধ হবেন। তাতে করে এশিয়ান গেমসের দুটি নকআউট ম্যাচে তার খেলা হবে না। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে, যে ম্যাচে খেলতে পারবেন না হারমানপ্রীত। সেমিফাইনালে উঠলে তাতেও নিষিদ্ধ থাকবেন অধিনায়ক। কেবল ফাইনালে উঠলেই দেখা যাবে হারমানপ্রীতকে।
সোমবারই এই নিষেধাজ্ঞা দেওয়ার কথা ছিল আইসিসির। কিন্তু তা পেছানো হয়েছে। ম্যাচ অফিসিয়ালরা আইসিসি ও বিসিসিআইয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। জানা গেছে, হারমানপ্রীত তার দোষ স্বীকার করেছেন। তবে নিষেধাজ্ঞা ঘোষণার পর তিনি আপিল করতে পারবেন। সেক্ষেত্রে আইসিসি ম্যাচ রেফারি শুনানি আয়োজন করবেন।