কানাডায় প্রথম জয়ের স্বাদ পেলেন লিটন

লিটন দাস এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্সের কাছে হেরে যায় দলটি। দ্বিতীয় ম্যাচ হয় পরিত্যক্ত। তৃতীয় ম্যাচ ছিল টরন্টো ন্যাশনালসের বিপক্ষে। মঙ্গলবার সারে জিতলো ২০ রানে। কানাডায় প্রথম জয়ের স্বাদ পেলেন লিটন।

ব্রাম্পটনে আগে ব্যাট করতে নামে সারে। ৩.২ ওভারে অ্যালেক্স হেলসের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন যতীন্দর সিং। ক্রিজে নামেন লিটন। হেলসের সঙ্গে তার জুটি ছিল ১১ রানের। ইংলিশ ব্যাটার (১৬) ফিরে যান পাওয়ার প্লে শেষ হওয়ার এক বল বাকি থাকতে। 

এরপর ইফতিখার আহমেদকে নিয়ে লিটন স্কোর বাড়ান। দুজনের জুটি ছিল ২২ রানের। লিটন ২০ বলে একটি করে চার ও ছয়ে ২১ রান করেন। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বাংলাদেশি ব্যাটার।

ইফতিখার ইনিংস সেরা ৪৭ রান করেন। তাতে সারে করে ৬ উইকেটে ১৪১ রান। 

উইকেটের পেছনে কোনও সাফল্য নেই লিটনের। ম্যাথু ফোর্ডের বোলিং তোপে পড়ে ৯ উইকেটে ১২১ রানে থামে টরন্টো। এই পেসার ৪ উইকেট নেন। পাশাপাশি ব্যাট হাতে ১১ বলে ১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ফোর্ড।