কলম্বো টেস্টে শাকিলের ইতিহাস, শফিকের ডাবল সেঞ্চুরি

কলম্বো টেস্টের তৃতীয় দিনটা পাকিস্তানের জন্য স্মরণীয় হয়ে থাকলো। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ব্যাটাররা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক (২০১)। সৌদ শাকিল তো টেস্টের প্রথম ব্যাটার হিসেবে গড়েছেন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম ৭ টেস্টে ফিফটি বা তার বেশি স্কোর করার অনন্য কীর্তি গড়েছেন। তাতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৬৩ রানের স্কোর নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ৩৯৭।  

শাকিলের আগে ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টে ফিফটি ছোঁয়া ইনিংস ছিল ভারতের সুনীল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার ও নিউ জিল্যান্ডের বার্ট সাটক্লিফের।  

ব্যক্তিগত নৈপুণ্য ছাড়া চোটের ঘটনাও ঘটেছে দ্বিতীয় টেস্টে। ৫৭ রানে শাকিল আউট হওয়ার পর মাঠে নামেন সরফরাজ। আসিথার প্রথম বলটি আঘাত করে তার হেলমেটের পেছনে। তার পর ২২ বল স্থায়ী ছিল সরফরাজের ইনিংস। বিলম্বিত কনকাশনে রিটায়ার্ড হয়ে পরে ১৪ রানে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরে জানা গেছে, এই টেস্টেই আর খেলা হবে না তার।     

চোট ধাক্কার পর দায়িত্ব কাঁধে তুলে নেন আগা সালমান। অপরপ্রান্তে শফিক অবিচল ছিলেন ডাবল সেঞ্চুরি পর্যন্ত। দুজনের ১২৪ রানের জুটি ভাঙে শফিক ২০১ রানে ফিরলে। সালমান তার পর কনকাশন বদলি হয়ে নামা রিজওয়ানের সঙ্গে প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন। দুজনে ৯৫ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সালমান।১৩২ রানে ব্যাট করছেন তিনি। রিজওয়ান ব্যাট করছেন ৩৭ রানে।

আসিথা ১৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৮১ রানে দুটি নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া।