তামিম ইকবাল অবসর নিলেও সিদ্ধান্ত পাল্টান তামিম ইকবাল। তার কাঁধেই এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্ব প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেন বাঁহাতি ওপেনার। এশিয়া কাপ শুরু হতে আর একমাসও বাকি নেই, আর বিশ্বকাপ ঠিক দুই মাস পর। যেখানে দলই গুছিয়ে ফেলার কথা, সেখানে অধিনায়কত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ নীতিনির্ধারকদের কপালে। টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানকেই এই দায়িত্বে দেখার সম্ভাবনা উঠেছে। কিন্তু অনেক কিছু ভাবতে হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এনিয়ে কথা বলেছেন। অধিনায়ক নির্বাচনে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা জানালেন তিনি, ‘এখনও আলাপ হয়নি। এটা একটু বিরতি দিয়ে, সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, শুধু এশিয়া কাপ, তাহলে যে সহঅধিনায়ক আছে সে চালিয়ে দেবে কোনও সমস্যা নেই। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে। মানে দুটা সমস্যা, একটা লম্বা সময়ের চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ; এটার চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ জিনিস না।’
অনেক কিছুই মাথায় রেখে নেতৃত্ব দিতে হবে বললেন তিনি, ‘আমি একজন নতুন কাউকে যে হঠাৎ করে বানিয়ে দেবো সে এই চাপটা নিতে পারবে কি না এটা এক নম্বর। এবং আবার যদি আপনি লম্বা সময়ের কথা চিন্তা করেন তাহলে আমি এখন একজনকে বানাবো, দেখা গেলো এক বছর পর সে হয়তো থাকবেই না। তাহলে লম্বা সময় হবে কীভাবে। এই জিনিসগুলো নিয়েই আলাপ করে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে।’
এই দায়িত্ব দেওয়ার বেলায় সাকিবের নাম সবার আগে আসা স্বাভাবিক মনে করছেন পাপন। কিন্তু এখানেও ভাবার কিছু বিষয় আছে, ‘শোনেন, সাকিবের নাম আসা তো স্বাভাবিক। মানে এটা তো অবভিয়াস চয়েজ। কিন্তু আপনি কী বলতে পারেন দুই বছর খেলবে সাকিব। জানি না তো। সুতরাং আমাদের জানতে হবে ওর পরিকল্পনা, ওর সঙ্গে তো কথা বলতে হবে। আমরা আগে একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে, প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হবে। তবে একটা জিনিস ঠিক, সবচেয়ে সহজ কাজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনও সমস্যা নেই।’
লিটন দাসও পছন্দের তালিকায় আছে জানালেন তিনি, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু একমাত্র ইস্যু হচ্ছে দ্বিপাক্ষিক খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয়। বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে একটা (সিদ্ধান্ত) নিতে চাচ্ছি না। এজন্য আমরা সবার সঙ্গে কথা বলে যেটা ভালো মনে হয়, ওরকম কিছুই করবো।’