হাসারাঙ্গার কাছে পাত্তা পেলেন না হৃদয়রা

গল টাইটান্সকে হারিয়ে শীর্ষে ফিরেছিল জাফনা কিংস। পরের দিন তারা হেরে নেমে গেলো তিনে। বল হাতে দারুণ পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে ঝড় তোলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে তাওহীদ হৃদয়দের হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো বি-লাভ ক্যান্ডি।

টসে জিতে আগে বোলিং নিয়ে দারুণ শুরু করে ক্যান্ডি। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুই উইকেট তুলে নেয় তারা ৭ রানে। হৃদয়ও হাল ধরতে পারেননি। হাসারাঙ্গার প্রথম শিকার হন তিনি ২২ বলে ১৯ রান করে। ব্যাটিং দুর্দশায় ৮৬ রানে ৯ উইকেট হারায় জাফনা। শেষ দিকে দুনিথ ভেল্লালাগে ৩৮ রান না করলে একশও হতো না। ৯ উইকেটে ১১৭ রান করে জাফনা।

হাসারাঙ্গা ৪ ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট নেন। এক ওভারে নুয়ান প্রদীপ ফেরান ৩ ব্যাটারকে। তিনি চার ওভারে ৩৬ রান দিয়ে নেন তিন উইকেট।

সহজ লক্ষ্যে নেমে ৩১ রানে দিনেশ চান্ডিমালকে (২২) হারালেও ছন্দ ধরে রাখে ক্যান্ডি। ফখর জামানকে নিয়ে হাসারাঙ্গা ৭১ রানের জুটি গড়েন। পাকিস্তানি ব্যাটার ৪২ রানে থামলে সহন আরাচিগেকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন ক্যান্ডি অধিনায়ক। ২২ বলে ৫ চার ও ৩ ছয় ৫২ রানে অপরাজিত ছিলেন হাসারাঙ্গা। ১৩ ওভারে ২ উইকেটে ১১৮ রান করে ক্যান্ডি।

চার ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে ক্যান্ডি। সমান পয়েন্ট পেলেও নেট রান রেট পার্থক্যে তাদের ওপরে গল, আর নিচে জাফনা।