আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েই নিজের জাত চেনাচ্ছেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। শুবমান গিলকে সঙ্গে নিয়ে এমন কীর্তি করলেন। যা লডারহিলে আগের ১৫ টি-টোয়েন্টিও কেউ করতে পারেনি। এই ভেন্যুতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। তাদের ১৬৫ রানের ওপেনিং জুটিতে চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। তাতে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
টস জিতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে দাঁড় করায় ১৭৮ রানের সংগ্রহ। অবশ্য তাদের শুরুটা যেমন ছিল তাতে এত দূর যাওয়া মোটেও সম্ভব ছিল না। ৭ ওভারে ৫৭ রানে পড়েছে ৪ উইকেট। সপ্তম উইকেটও পড়েছে ১২৩ রানে। এই ধ্বংসস্তূপের মাঝেই তাণ্ডব চালিয়েছেন শিমরন হেটমায়ার। তার ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় করা ৬১ রানই ক্যারিবীয়দের বড় স্কোরবোর্ড পাইয়ে দিতে ভূমিকা রেখেছে। শুরুতে অবশ্য ২৯ বলে ৪৫ রানে অবদান রেখেছিলেন শাই হোপ।
শুরুতে ক্যারিবীয়দের বিপদে ফেলতে ভূমিকা রাখেন আরশদীপ সিং ও কুলদীপ যাদব। ৩৮ রানে ৩ উইকেট নেন আরশদীপ। ২৬ রানে দুটি নিয়েছেন কুলদীপ যাদব।
জবাবে শুবমান গিল ও জয়সওয়ালের ১৬৫ রানের জুটিই জয়ের জন্য ছিল যথেষ্ট। রোমারিও শেফার্ডের বলে ১৫.৩ ওভারে ৭৭ রানে আউট হন গিল। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়ের মার। জয়সওয়াল ৫১ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন। তার বিস্ফোরক ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়ের মার। ম্যাচসেরাও তিনি। ১ উইকেট হারানো ভারত ১৭ ওভারেই জয় নিশ্চিত করেছে।