টি-২০ বিশ্বকাপের আগে একটি দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন সন্দেহের মুখে পড়েছে। লায়ন্সের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম শ্রেণির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন আগামী ২১ দিনের মধ্যে পরীক্ষা করাতে হবে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রিটোরিয়া ইউনাভার্সিটিতে আইসিসি অনুমোদিত হাই পারফরম্যান্স একাডেমিতে ফাঙ্গিসোর বোলিং পরীক্ষা করানো হবে। এরপরই জানা যাবে ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ। অবশ্য চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তার বোলিং করতে কোনও বাধা নেই।
অবিলম্বে বোলিং পরীক্ষা করালেও ১৪ দিনের সময়সীমা অনুযায়ী এর ফলাফল ঘোষণা ১০ মার্চের আগে সম্ভব নয়। কিন্তু আগামী ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তাই ফাঙ্গিসোর বিকল্প ভাবতেই পারে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কারণ, বোলিং অ্যাকশনের নেতিবাচক খবর এলে যে ওয়ার্ল্ড কাপ থেকেই ছিটকে যাবেন ফাঙ্গিসো।
/এমআর/