ভুল শুধরে নিলো পিসিবি, ইমরানকে নিয়েই নতুন ভিডিও

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ক্রিকেট ইতিহাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিল পিসিবি। সেই ভিডিও নিয়ে ভীষণ সমালোচনার মুখে পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যার হাত ধরে ক্রিকেটে তাদের সর্বোচ্চ অর্জন, সেই ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের উল্লাস ও তার ট্রফি নেওয়ার মুহূর্তটি-ই সেখান থেকে বাদ পড়েছে। এর পর থেকে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাই শুধু নন, ওয়াসিম আকরাম থেকে শুরু করে ওয়াহাব রিয়াজ, উরুজ মমতাজরা সমালোচনা করেছেন পিসিবির। এই কাণ্ডের জন্য বোর্ডকে ক্ষমাও চাইতে বলেন তারা।

সমালোচিত হয়ে বৃহস্পতিবার নিজেদের ভুল শুধরে নিয়েছে পিসিবি। টুইটারে সর্বশেষ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইমরান খানের বিশ্বকাপ জয় ও ট্রফি হাতে নেওয়ার ঐতিহাসিক মুহূর্তটি সেখানে যোগ করা হয়েছে।

যার ব্যাখ্যায় টুইটারে তারা বলেছে, ‘বিশ্বকাপের আগে পিসিবি একটি প্রোমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। যার আওতায় ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়েছিল। এর দৈর্ঘ্যটা ছিল সংক্ষিপ্ত, ফলে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়েছে। এই পূর্ণ ভিডিওতে সেই ভুলটি এবার শুধরে নেওয়া হয়েছে।’    

ইমরান খান ছাড়াও নতুন ভিডিওটিতে এশিয়ান গেমসে পাকিস্তানের স্বর্ণ জয়, মিসবাহ উল হকের অধীনে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উত্থান এবং প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে নিদা দারের শততম উইকেট নেওয়ার মুহূর্তটি স্থান পেয়েছে।