পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়ে গেছে তামিম ইকবালের। বামহাতি ওপেনার অপেক্ষায় ছিলেন স্কিল অনুশীলনে ফেরার। রবিবার সেটিও শুরু হয়ে গেলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমিতে। নিজেকে ফিরে পেতে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম। দুই ফিজিওর তত্ত্বাবধানে প্রায় দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করেছেন।
তামিমের অনুশীলন পাখির চোখে পরখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই ফিজিও কিরন থমস ও বায়েজিদ ইসলাম। সাবেক ফিজিও জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত কিরন কদিন আগে থেকেই কাজ শুরু করেছেন।
তামিম এদিন হালকা মেজাজে ব্যাটিং করেছেন। প্রথম দিকে থ্রোয়ার বল ছুঁড়েছেন খালি হাতে কিছুটা ধীরগতিতে। তামিমও রক্ষণাত্মকভাবে খেলেছেন। এভাবে শুরুর পর থ্রোয়ার ধীরে ধীরে বলের গতি কিছুটা বাড়িয়েছেন। তাতে আরেকটু স্টান্স বাড়িয়ে খেলার চেষ্টা করেছেন তামিম।
১৫ মিনিট ব্যাটিং শেষে কিরন থমসের সঙ্গে একাডেমি মাঠ ছেড়ে মূল মাঠে আসেন সাবেক অধিনায়ক। সেখানে কিরণ থমসের সঙ্গে তামিম ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেন।
পিঠের নিচে ইনজেকশন নিয়ে ৩১ জুলাই লন্ডন থেকে দেশে ফিরেছেন তামিম। দেশে ফেরার পর গত ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেসের কাজও শুরু করেছেন। মিরপুরে এসে নিয়মিতই জিম করেছেন তিনি। ট্রেনার ও ফিজিওর সান্নিধ্যে চলেছে ফিটনেসের কাজ। এবার শুরু হয়েছে তামিমের ব্যাট হাতে অনুশীলন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে নিউ জিল্যান্ড সিরিজে ফিরবেন তিনি।